প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত সময়সূচির আলোকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পর্যন্ত এই প্রস্তুতিতে কোনো ধরনের বিরতি থাকবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
বুধবার (৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, “একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে আমাদের সামনে কিছু চ্যালেঞ্জ অবশ্যই থাকবে। তবে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করব।”
এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হবে।
তিনি বলেন, “দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটাতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারকে একটি চিঠি পাঠাব। সেই চিঠিতে অনুরোধ থাকবে—আসন্ন রমজানের আগেই, অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করার বিষয়ে।”
ড. ইউনূস আরও বলেন, “নির্বাচনের প্রস্তুতি নিতে আমরা কাল থেকেই মানসিক ও প্রাতিষ্ঠানিকভাবে কাজ শুরু করব।”
তিনি প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করে বলেন, “এই নির্বাচনে আমরা প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে চাই। দেশে ও বিদেশে অবস্থানরত সব ভোটার যেন ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা নেওয়ার জন্য কাজ শুরু করা হবে।”





